গণমাধ্যম/জার্নালিস্ট কমিউনিটি/নিউজ ডেস্ক:
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্প্রচার পরিকল্পনার অংশ হিসাবে বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদপত্র এবং অনলাইন নিউজ পোর্টালে সংবাদ ও ভিডিও ফুটেজ প্রদানের লক্ষ্যে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে নিউজ এজেন্সি এ টুয়েন্টি ফোর (A24)।
২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবসে চট্টগ্রামে এই নিউজ এজেন্সি A24 এর অফিসায়াল অংশীদার হলো অনলাইন নিউজ পোর্টাল CNN Bangladesh (cenntv.com)। রবিবার (২১ নভেম্বর) একটি সমঝোতা স্মারকের মাধ্যমে এ টুয়েন্টি ফোর এর সাথে সম্পৃক্ত হলো সিএনএন বাংলাদেশ। এ বিষয়ে কাজীর দেউড়ী কর্ণফুলী টাওয়ারের সিএনএন অফিসে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সিএনএন বাংলাদেশ’র ব্যবস্থাপনা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শরাফত আলী। এ সময় নিউজ এজেন্সি এ টুয়েন্টি ফোর এর পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির সেলস এন্ড মাকের্টিং রিপ্রেজেনটেটিভ এএইচ আহম্মেদ বি সরকার।
এসময় এক মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা বলেন, ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবসে মিডিয়া জগতে এমন একটি মহতী উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষ করে A24 এর ফিচার নিউজ ও ভিডিও ফুটেজগুলো টিভি চ্যানেলগুলোর সম্প্রচার মানকে আরো উন্নত করতে ভূমিকা রাখবে। তথ্য প্রাপ্তি আরো সহজ হয়ে উঠবে এবং মিডিয়া শিল্প আরো বিকশিত হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ‘মহানগর’ এর নির্বাহী সম্পাদক ও সিইও শাহনওয়াজ রিটন, পাঠক নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, সিএনএন বাংলাদেশ সম্পাদক চৌধুরী লোকমান, নাগরিক টিভির চট্টগ্রাম সংবাদ ইনচার্জ একে আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সেলিম জাভেদ, দৈনিক পূর্বকোণ অনলাইনের নিউজরুম এডিটর এহছানুল হক, কমিউনিটি টিভি বাংলাদেশ এর বিশেষ প্রতিনিধি সরোয়ার আমিন বাবু।
আরও উপস্থিত ছিলেন সিভয়েস’র পক্ষে মিনহাজ মুহি, চট্টলা২৪’র পক্ষে খান মোহাম্মদ আবদুল্লাহ, নিউজগাডেন২৪’র সম্পাদক কামরুল হুদা, বিনিউজের সম্পাদক হান্নান হায়দার, এসভিশনের সম্পাদক সাগর বড়ুয়া, সিএনএন বাংলাদেশ’র হেড অব নিউজ চৌধুরী এমরানসহ অন্যরা।
A24 এর সেলস এন্ড মাকের্টিং রিপ্রেজেনটেটিভ এএইচ আহম্মেদ বি সরকার বলেন, আমার বিশ্বাস এ টুয়েন্টি ফোর সংবাদ সংস্থার উপস্থিতি দেশের মিডিয়া অঙ্গনে অসাধারণ ভূমিকা রাখবে। আমরা মঙ্গোলিয়া, কেম্বোডিয়া, থ্যাইল্যান্ড এবং শ্রীলঙ্কার সাথে বাংলাদেশে আমাদের কভারেজ এবং অপারেশনের সুযোগ সম্প্রসারিত করতে পেরে রোমাঞ্চিত। বাংলাদেশি মিডিয়া আউটলেটের সাথে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার জন্য এটি একটি চ্যালেঞ্জিং পদক্ষেপ। আমরা আশা করি এই পদক্ষেপ পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি শক্তিশালী দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, ২০১৫ সালে চালু হওয়া নিরপেক্ষ অন্যদৃষ্টিপূর্ণ এবং সময়োপযোগী সংবাদ এবং ইভেন্ট রিপোর্ট এর জন্য এ টুয়েন্টি ফোর নিয়োজিত আছে ইয়েমেন, ইরাক, সোমালিয়া, লিভিয়া, সিরিয়াসহ বিভিন্ন হটস্পট ওয়ারজোন এবং সংঘাতপূর্ণ এলাকায়।
বাংলাদেশ’র অন্যতম জনপ্রিয় সংবাদভিত্তিক চ্যানেল যমুনা টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনের পর এবার বানিজ্যিক রাজধানী ও বন্দর নগরী চট্টগ্রামে যাত্রা শুরু করে গর্বিত মিডলইস্টভিত্তিক এই সংবাদ সংস্থাটি।
……. তথ্যসূত্র: প্রেস রিলিজ।
























