KSRM
Home জার্নালিস্ট কমিউনিটি গোলাম সরওয়ার উদ্ধারে সাংবাদিক কমিউনিটিতে স্বস্তি। নানান প্রশ্ন।

গোলাম সরওয়ার উদ্ধারে সাংবাদিক কমিউনিটিতে স্বস্তি। নানান প্রশ্ন।

0

দীর্ঘ চারদিন নিখোঁজ থাকার পর সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে তার পরিবার, স্বজন, সহকর্মী ও সাংবাদিক কমিউনিটিতে। তাঁরা আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে সীতাকুণ্ডের স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট থানা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল রাত সাতটার দিকে সীতাকুণ্ড কুমিরা সেতুর কাছে অচেতন অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় সীতাকুণ্ড থানার পুলিশ গোলাম সরওয়ারকে উদ্ধার করে। তার শরীরে গেঞ্জি ও হাফপ্যান্ট ছাড়া কোন কাপড় ছিল না। নমুনায় সন্দেহ করা হচ্ছে, তাকে প্রচন্ড মারধর করে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা। সিএমপি পুলিশের একটি টিম ও সিইউজের নেতৃবৃন্দ তাকে মুমূর্ষু অবস্থায় রাত ৯ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে স্পেশাল কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে। গোলাম সরওয়ার উদ্ধারে নানান প্রশ্ন দেখা দিয়েছে সাংবাদিক কমিউনিটিতে। তারা বলছেন, সাংবাদিকতা পেশাকে কঠিন ও চ্যালেন্জের মুখে ফেলতে দেশের একটি কুচক্রী মহল অপচেষ্টায় লিপ্ত। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-বাংলাদেশ)এর সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, ভয় ভীতি দেখিয়ে সাংবাদিকদের দমানোর অপচেষ্টা হতে পারে গোলাম সরওয়ারের এই অপহরণ। কিন্তু কোন অন্যায়ের কাছে নতি স্বীকার না করে সাংবাদিকরা তাদের কলম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ঘোষণা করে তিনি বলেন, এ ঘটনার পেছনে যারা আছে তাদেরকে খুজে বের করা পুলিশ প্রশাসনের দায়িত্ব। ঘটনার সুষ্ঠু তদন্তে তিনি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here