কর্পোরেট /কমিউনিটি ফোরাম /নিউজ ডেস্ক:
করোনা মহামারীর প্রেক্ষিতে ঢাকা ও চট্টগ্রামে লকডাউন দেওয়ার আগের দিনেই ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দুই ব্যবসায়ী সংগঠনের নির্বাচন । একটি হলো দেশের পোশাক শিল্প মালিকদের বৃহত্তর ব্যবসায়ী কমিউনিটি সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (BGMEA)। অন্যটি হলো বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (BSAA)। সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ স্বাস্থ্য বিধি মেনেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন দুই সংগঠনের নেতৃবৃন্দ। বরাবরের মতই পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুই প্যানেলের ব্যানারে ভোট হতে যাচ্ছে। এবারের বিজিএমইএ নির্বাচন ২০২১-২০২৩ এ “ফোরাম” মনোনীত প্যানেল হলো এবিএম শামসুদ্দিন -এমডি এম মহিউদ্দিন চৌধুরী পরিষদ। অপরদিকে এই নির্বাচনে সম্মিলিত পরিষদ নামে আছে ‘ফারুক হাসান’ প্যানেল। সংগঠনের মোট ভোটার ২৩১৪ জন।
এদিকে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন (BSAA) সূত্রে জানা যায়,যথাযথ স্বাস্থ্য বিধি মেনে বড় পরিসরে খোলামেলা জায়গায় ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে ২৪ জন পরিচালক নির্বাচিত হবেন ২৬৭ জন ভোটারের ভোটে। এছাড়াও অর্ডিনারি ক্যাটাগরিতে ১৬ পরিচালক পদে ভোট দেবেন ১৪৫ জন ভোটার। অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ৮ পদে ভোট দেবেন ১২২ জন ভোটার। এই সংগঠনেও দুই প্যানেলে নির্বাচন হবে। একটি হলো ‘শাহেদ সরওয়ার প্যানেল’ এবং অন্যটি হলো ‘সৈয়দ মোহাম্মদ আরিফ প্যানেল’।
























