আন্তর্জাতিক কমিউনিটি। বিশ্ব রাজনীতি।
রাশিয়া -ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোতে নতুন সদস্য হিসেবে ফিনল্যান্ড ও সুইডেন যোগ দেওয়া নিয়ে উত্তেজনার মধ্যে নতুন আরেকটি বিতর্ক দেখা দিয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান গতকাল বলেছেন, তাঁর দেশ ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগ দিতে দেবে না। সোমবার আঙ্কারায় সফররত আলজেরিয়ার প্রেসিডেন্ট তেবেনের সঙ্গে আলোচনা শেষে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর ন্যাটোতে যোগ দেওয়া সমর্থন করা হবে না। তা ছাড়া, সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ফিনল্যান্ড বা সুইডেনের স্পষ্ট কোনো অবস্থান নেই। সুইডেন ও ফিনল্যান্ডের যোগদান ন্যাটোকে নিরাপত্তা সংস্থা নয়, বরং সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করবে।
উল্লেখ্য, তুর্কি সরকার বার বার জোর দিয়ে বলে আসছে যে, ন্যাটোতে যোগ দিতে চাইলে ফিনল্যান্ড ও সুইডেনকে অবশ্যই কুর্দি সংগঠন পিকেকে এবং গুলেন মুভমেন্টকে সমর্থন করা বন্ধ করতে হবে এবং তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জামের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
অন্যদিকে রাশিয়াও ইতোমধ্যে ঘোষণা করেছে, ন্যাটো আগুন নিয়ে খেলছে। ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিলে এতে উত্তেজনা আরো বাড়বে। এমনকি রাশিয়া তার নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে পারে।
ফিনল্যান্ড ও সুইডেন ইতোমধ্যে ঘোষণা করেছে তারা ন্যাটোতে যোগ দিতে চায়। কিন্তু অন্যতম সদস্য তুরস্কের বিরোধিতার মুখে সেটা অনিশ্চিত হয়ে গেল। আন্তজার্তিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে নিয়ে একদিকে রাশিয়া ও চীন , অন্যদিকে ইইউ,ন্যাটো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিগ গেইম শুরু হয়েছে তা তুরস্ককে ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এজন্য সবাইকে ভুগতে হবে। বিশ্ববাসীর সামনে আরো কঠিন সময় আসছে।
……… সূত্র : সিআরআই বাংলা। আন্তর্জাতিক গণমাধ্যম।
























