কমিউনিটি কালচার/ নিউজ ডেস্ক :
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও কেক কাটার মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করল স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রাম। নগরীর উত্তর খুলশীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী হাসিনা জাফর। সভাপতির বক্তব্যে প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। তাঁর জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। আজ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের জাতীয় উৎসবে অনেক বিদেশি ডেলিগেট শুভেচ্ছা জানাতে এসেছেন। অনেকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। এতে বুঝা যায়, বঙ্গবন্ধু শুধু দেশে নয়, তিনি আন্তর্জাতিক পর্যায়েও অনেক বড় মাপের নেতা ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিনা জাফর বলেন, বঙ্গবন্ধু সব সময় দুঃখী মেহনতী ও সাধারণ মানুষের কল্যানে কাজ করে গেছেন। তাই তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠলেই আজকের এই জন্মবার্ষিকী পালন সার্থক হবে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সরোয়ার আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট মুখাভিনয় শিল্পী রিজোয়ান রাজন, নাট্য সম্পাদক প্রনব চক্রবর্তী, যুব বিষয়ক সম্পাদিকা রেবা বড়ুয়া, ফিরোজ চৌধুরী, বিজয় বড়ুয়া সহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ লগো সম্বলিত একটি আকর্ষণীয় কেক কাটা হয়। টুটুল দেবনাথ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন। শিল্পী পাপিয়া চক্রবর্তী ও কান্তা চক্রবর্তী দেশাত্মবোধক গান পরিবেশন করেন। শিশু শিল্পী রোশনি ও প্রাচী দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করে।
























