কমিউনিটি আইকন / নিউজ ডেস্ক :
টুগেদার উই রোআর।আমরা একসাথে হয়েই গর্জন করি।এই গর্জন সবাইকে নিয়ে একসাথে জেগে উঠার গর্জন। এই গর্জন সবাইকে একসাথে নিয়ে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার গর্জন। এই এগিয়ে যাওয়া শুধু এখন গল্প নয়, এটা নিরেট বাস্তবতা। তরুণ কমিউনিটিকে নিয়ে এই জেগে উঠার নায়ক রোম্মান। যিনি গল্পে বিশ্বাসী নন, বিশ্বাস করেন কর্ম, পরিকল্পনা ও দায়িত্ববোধে। কর্ম উদ্দীপনা দিয়ে তিনি ইতোমধ্যে পরিচিত হয়ে উঠেছেন একজন তরুণ কমিউনিটি আইকন হিসেবে। পুরো নাম সৈয়দ জালাল আহমেদ রোম্মান। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ মরহুম সৈয়দ জামাল আহমেদের বড় ছেলে তিনি। লাইফস্টাইল বিজনেস পরিচালনা ও বেকার তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করায় পেয়েছেন চ্যানেল আই ডিজিটাল মিডিয়া এওয়ার্ড ২০২০। সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন হাইড আউট লাউঞ্জ, হাইড আউট গেইম জোন এন্ড থিম পার্ক, উইন্ড অব চেইন্জ, হ্যামার স্ট্রেংথ ফিটনেস সেন্টার, হাবিব তাজকিরাজ সহ বেশ কয়েকটি ব্যতিক্রমী ব্যবসা উদ্যোগে। এবারে আনছেন রোজার আগেই ঈদ বাজার স্লোগানে ব্যতিক্রমী ঈদ ফেস্টিভ্যাল।
লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ এই ফেস্টিভ্যালের আয়োজক। তিনি এই ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক। আয়োজনে সাথে আছে পিটুপি কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট। আগামী ২, ৩ এপ্রিল শুক্র ও শনিবার সকাল থেকে লাইফস্টাইলের এই মেলা অনুষ্ঠিত হবে নগরীর প্রাণকেন্দ্র জিইসি কনভেনশন সেন্টারে। একই সাথে দিনব্যাপি অনুষ্ঠানমালায় মঞ্চে পরিবেশিত হবে ফ্যাশন শো,সৃজনশীল নৃত্য, সুফি গান, স্ট্রিট সং ও ব্যান্ড সংগীত। ১৩ মার্চ শনিবার নগরীর নাসিরাবাদ হাইডআউট লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগর ও পিটুপি কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নির্ঝর চৌধুরী। এসময় ক্লিক ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক রোম্মান আহমেদ বলেন, ক্লিকের প্রতিটি কাজই ইউনিক হয়। আমরা আশাবাদি এই আয়োজনও ইউনিক হবে। তিনি আরও বলেন, দেশ সেরা বেশ কিছু ব্রান্ড আমাদের এই ফেস্টে অংশগ্রহণ করছে। দুই দিনের এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ‘ক্লিক’ চট্টগ্রাম থেকে প্রকাশিত নিয়মিত একটি ত্রৈমাসিক ম্যাগাজিন। যা ২০১৫ সালের জুন মাস থেকে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে এবং পাঠক মহলে ইতোমধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
তারই ধারাবাহিকতায় ইদ সংখ্যা-২০২১ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। তরুণ উদ্যোক্তা, ব্যবসায়ী ও ফ্যাশন ডিজাইনারদের উৎসাহিত করতে ইদ ফেস্ট আয়োজন করা হচ্ছে। একই সাথে মঞ্চে দর্শকদের পরিবেশিত হবে বর্ণাঢ্য ফ্যাশন শোসহ সাংস্কৃতিক অনুষ্ঠান, সুফিয়ানা ও ব্যান্ড সংগীত। সংবাদ সম্মেলনে জানা যায় , করোনার কথা মাথায় রেখে জীবনের সব অনুষঙ্গ নিয়ে রোজার আগেই ইদ বাজার বসবে জিইসি কনভেশন সেন্টারে। যেখানে লাইফস্টালের সাথে সম্পৃক্ত সব পণ্যের স্টল থাকবে। একই সাথে ফুড জোন ও ফার্নিচারের এক্সক্লুসিভ প্যাভিলিয়ন থাকবে মেলাতে। তাছাড়া
লাইফস্টাইল, মেকওভার, কসমেটিকস, আবাসন, শিক্ষা, পোশাক, ব্যাংকিং,লিজিং, কিডস জোন, মোটরবাইকসহ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। ২ এপ্রিল শুক্রবার সকাল ১০টায় এই মেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ সময় আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো.মমিনুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে উপস্থিত কয়েকজন অতিথি বলেন, রোম্মান ভাই একজন ক্রিয়েটিভ মানুষ। তরুণ প্রজন্মের আইকন। ইতোমধ্যে তাঁর উদ্যোগে নেওয়া বিভিন্ন প্রোগ্রাম ও ইভেন্টে নতুনত্ব দেখা গেছে । এবারেও আসন্ন ঈদ ফেস্টিভ্যালে কিছু চমক ও নতুনত্ব দেখা যেতে পারে।
























