আন্তর্জাতিক কমিউনিটি / নিউজ ডেস্ক :
৮টি মুসলিম প্রধান উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ এর দশম শীর্ষ সম্মেলনে সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি পরবর্তী দুই বছরের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে বৃহস্পতিবার এই দায়িত্ব গ্রহণ করেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট উদ্বোধনী ভাষণ দেন এবং এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সভাপতির দায়িত্ব তুলে দেন। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরষ্ক এই সংস্থার সদস্য দেশ।চার দিনের এ সম্মেলনের শেষ দিন ছিল ৮ এপ্রিল। সূত্রে জানা যায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সভাপতির দায়িত্ব লাভ করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরার নতুন দ্বার উন্মোচন এবং বহুপাক্ষিক কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে। শীর্ষ সম্মেলনে বাণিজ্য, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিল্প সহযোগিতা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহন, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পর্যটন- এই ছয়টি ক্ষেত্রে আন্তঃ ডি-৮ সহযোগিতা বৃদ্ধিসহ আন্তর্জাতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ে সম্মিলিত নীতিগত অবস্থান গ্রহণ করার বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।























