কমিউনিটি এগ্রো/কমিউনিটি মার্জিনাল/তৃনমূল/নাটোর থেকে/ নিউজ ডেস্ক :
অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম কমাতে শেষ পর্যন্ত তরমুজের ন্যায্যমূল্যের বিক্রয় কেন্দ্র করা হল দেশের কৃষি খামারের জন্য বিখ্যাত উত্তর বঙ্গের নাটোরে। আজ রবিবার ২ মে নাটোর জেলা প্রশাসনের পক্ষ হতে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে সংগ্রহকৃত এই তরমুজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পিএএ। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ- পরিচালক ও নাটোর পৌরসভার মেয়র। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নাটোরের বিভিন্ন কমিউনিটির লোক ও সাধারণ মানুষ। কয়েকজন স্থানীয় অধিবাসী বলেন, এখানে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ পেলেই শুরু করে ইচ্ছেমত দাম হাঁকিয়ে কৃষি পণ্য বেচাকেনা। মাঠ থেকে কৃষকদের কাছ থেকে অল্প দামে এনে তা বাজারে বিক্রি করে চড়া দামে। এমনকি এই পবিত্র রমজান মাসেও বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে তারা করে চলেছে এমন গর্হিত কাজ কারবার। বশির আহমেদ নামে একজন স্থানীয় অধিবাসী বলেন, কৃষকদের কাছ থেকে পাইকারী দামে শত বা হাজার হিসেবে তরমুজ কিনে কিছু অসাধু ব্যবসায়ী তা বাজারে বিক্রি করছে কেজি হিসেবে। এমনও দেখা গেছে, প্রতি পিস তরমুজ ৩০ টাকা দামে কৃষকদের কাছ থেকে কিনে তারা বাজারে খুচরা বিক্রি করছে কেজি ৩০ টাকা দামে। সেই হিসেবে সেই ৩০ টাকা দামের তরমুজটি একজন সাধারণ ক্রেতাকে ওজনে কিনতে হচ্ছে প্রায় ২০০ থেকে ৩০০ টাকা দামে। এটা একধরনের ডাকাতি। আফসার উদ্দিন নামে আরেকজন বলেন, ব্যবসায়ীরা অবশ্যই লাভ করবে।কিন্তু তাই বলে এমন ডাকাতি ব্যবসা মেনে নেওয়া যায় না। এটা বেআইনী ও ক্রেতা স্বার্থ বিরোধী। জেলা প্রশাসনের উদ্যোগে তরমুজের ন্যায্য মূল্যের বিক্রয় কেন্দ্র করাতে স্থানীয় কৃষকও লাভবান হবেন এবং ক্রেতা সাধারণও উপকৃত হবেন।
























