কমিউনিটি বিচিত্রা / নিউজ ডেস্ক :
প্রতিদিন ভোরে চট্টগ্রাম নতুন ফিসারি ঘাটে জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে আনে। বিচিত্র সব মাছের রমরমা কেনা-বেচার উৎসব চলে এখানে। তবে মাঝেমধ্যে কিছু নতুন ধরনের সামুদ্রিক মাছ সবার মাঝে কৌতুহল সৃষ্টি করে। এবারে ধরা পড়েছে গিটার ফিশ। অনেকটা মিউজিক গিটারের মত দেখতে বলে এটিকে গিটার ফিশ বলা হয়। তবে জেলেদের কাছে এটির নাম কেরাংগি মাছ। আবার অনেক জেলেরা তিতাম্বুরী মাছও বলে থাকেন। এটা হাঙ্গর প্রজাতির মাছ বলে জানায় তারা । প্রায় বিশ কেজি ওজনের ও আট ফুটের কাছাকাছি কেরাংগি মাছটি নিয়ে জেলেরা বেশ আনন্দিত। কারন এ ধরনের মাছ তারা ভাল দামে বিক্রি করতে পারে। পাহাড়িরা ছাড়া মাছটি সাধারণত সমতলের লোকজন খায় না। কিন্তু এর তেল ও হাড় বেশ মূল্যবান বলে জানান তারা। তবে মাছটিকে গভীর সমুদ্রের মাছ বলছেন বিশিষ্ট মৎস্য বিশেষজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রানী বিদ্যা বিভাগের প্রফেসর মনজুরুল কিবরিয়া। এটির নাম Shovelnose guitarfish। তবে তিনি বলেন, মাছটি পুরোপুরি হাঙ্গর প্রজাতির নয়। মাছটির পেছনের শেইপ হাঙ্গর মাছের মত এবং সামনের শেইপটি শাপলা পাতার মত। মাছটি দেখতে গিটারের মত দেখতে বলে অনেকে এটিকে গিটার ফিশও বলে থাকে। মাছটি পাহাড়ি কমিউনিটির লোকেরা খায়। এটির পাখনা বেশ মূল্যবান বলে জানান তিনি। তিনি আরো বলেন, মাছটি অনেকটা সমুদ্রের তলায় থাকে । মাছটির মুখ তার বডির নীচের দিকে থাকে।তাই সহজে সমুদ্রের গভীরে থাকা শামুক, ঝিনুক ও কাঁকড়া খেয়ে থাকে মাছটি। তিনি আরো বলেন, এ ধরনের অনেক বড় দুর্লভ মাছ সহ নানান রকম বিশাল প্রাণী সম্পদে ভরপুর আমাদের বঙ্গোপসাগর।
( ছবি তুলেছেন ফটো সাংবাদিক বাচ্চু বড়ুয়া).
























