আন্তর্জাতিক কমিউনিটি /কমিউনিটি গ্রিন / পরিবেশ-প্রকৃতি/নিউজ ডেস্ক।
বিশ্বব্যাপী করোনা মহামারী দূর্যোগের প্রেক্ষাপটে অনেকটা নীরবেই পালিত হল বিশ্ব ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস। ১৯২ টি দেশের পরিবেশ সচেতন মানুষ প্রতি বছর ২২ এপ্রিল এই আর্থ ডে (পৃথিবী দিবস) উদযাপন করে। বৈশ্বিক এই পরিবেশ আন্দোলনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল Restore our Earth বা “পৃথিবীকে রক্ষা করি”। এদিনে পরিবেশ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশে কর্মসূচি পালিত হয়। তবে এবারে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সভাপতিত্বে বিশ্বের ৪০ টি দেশের অংশগ্রহণে জলবায়ু সম্মেলন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) শুরু হওয়া দুই দিনের এই অনলাইন কনফারেন্সে ৪০টি দেশের নেতারা যোগ দেন। তারা সম্মেলনে জলবায়ু সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ দেন। ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ নামে এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বনেতারা এই অনলাইন কনফারেন্সে ভিডিও বক্তব্য দেন।
তাছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থার আয়োজনে বিভিন্ন দেশে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালিত হয়। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ু সংকট এবং পরিবেশ দূষণ রোধে তাত্ক্ষণিক পদক্ষেপের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। এখানে বলা হয়, এই পৃথিবী আমাদের আবাসস্থল, অথচ আমরা তাকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। আসুন আমরা জীবনধারণের কিছু উপায় ও নিয়মাবলি মেনে চলি। যেমন,
১. একবার ব্যবহার করে ফেলে দিতে হয় এমন প্লাস্টিক দ্রব্য কিনবেন না।
২. স্থানীয় পর্যায়ে কেনাকাটা করুন এবং অর্গানিক দ্রব্য কিনুন।
৩. দ্রব্যসামগ্রী পুনরায় ব্যবহার করুন এবং সম্ভব হলে পুনরায় ব্যবহারের জন্য উপযোগী করতে রিসাইকেল এবং আপসাইকেল করুন।
৪. ব্যক্তিগত পর্যায়ে কার্বন ডাই অক্সাইডের নির্গমন কমান।অল্প দূরত্বের ক্ষেত্রে হাঁটুন অথবা বাইসাইকেল ব্যবহার করুন।
৫. আপনার যদি একটি বাগান থেকে থাকে, এটিকে রাসায়নিক মুক্ত রাখুন।
৬.বিদ্যুৎশক্তি সংরক্ষণ করুন। প্রতিবার ঘর থেকে বের হওয়ার সময় বাতি, ফ্যান, এসি ইত্যাদি বন্ধ করুন।
৭. এসব কাজ করতে অন্যদেরও উৎসাহ দিন।
আসুন, আমরা একসাথে আওয়াজ তুলি ‘শুভ পৃথিবী দিবস’।
























