আন্তর্জাতিক কমিউনিটি/বিচিত্র জনপদ/ নিউজ ডেস্ক:
দূরের জঙ্গল থেকে চীনের কুনমিং শহরের লোকালয়ে এক পাল হাতি চলে আসায় স্থানীয় বাসিন্দাদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। শহর থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ইউনান প্রদেশের একটি জাতীয় প্রকৃতি সংরক্ষণ অঞ্চল থেকে হাতিগুলো চলে আসে বলে জানা যায়।
১৫টি হাতির একটি দল জঙ্গল ছেড়ে উত্তর দিকে এগিয়ে আসে। প্রায় ৪০ দিন ধরে চলছে তাদের এই পথচলা। এখন তারা অবস্থান করছে কুনমিং শহরের একটি জনপদে। ধারণা করা হচ্ছে, দলনেতার ভুলের কারনে হয়তো পথ হারিয়ে ফেলেছে অথবা খাবারের সন্ধানে তারা জঙ্গল থেকে বেরিয়ে পড়ে।
তবে এজন্য আতংকিত না হয়ে সতর্ক হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনজীবন স্বাভাবিক রাখার আহবান জানানো হয়েছে এখানকার প্রশাসন থেকে।
৫০০ এর অধিক পুলিশ সদস্যের পাশাপাশি ৬৪ টি ট্রাক, ৫২ টি ইমারজেন্সি গাড়ি রাখা হয়েছে ৩টি প্রবেশদ্বারে। ১৪ টি ড্রোনসহ একটি পর্যবেক্ষক দল সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে হাতিগুলোর গতিবিধি।
হাতির এই দলকে কোন রকম ভয়-ভীতি না দেখানোর জন্য স্থানীয় গ্রামবাসীদের সচেতন করা হচ্ছে। তাদের জন্য পর্যাপ্ত খাবার রাখার ব্যবস্থা এবং নিজেদের সুরক্ষার জন্য নিরাপদ স্থানে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, এলাকায় এখন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। তাই এই তাপমাত্রা সহনীয় না হওয়ায় হাতিগুলো আবারও জঙ্গলে ফিরে যেতে পারে।
সূত্র : বিদেশি মিডিয়া। সিজিটিএন।
























