কমিউনিটি হেলথকেয়ার /নিউজ ডেস্ক :
ঢাকাস্থ আমেরিকা যুক্তরাষ্ট দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন (ডিসিএম) জোয়েন ওয়াগনার ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত উজ্জীবন- সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ প্রকল্পে অংশগ্রহণকারী স্থানীয় জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে সাক্ষাৎ করেছেন। ৯ ফেব্রুয়ারি ডিসিএম ওয়াগনার একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে তথ্য ও সেবাপ্রদানে ইউএসএআইডি’র সহায়তায় প্রণীত উদ্ভাবনী ডিজিটাল উপকরণ সম্পর্কে জানতে স্থানীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী, সেবা গ্রহিতা ও তরুণ স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন তিনি । পরবর্তীতে ডিসিএম ওয়াগনার প্রজনন স্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যসেবা গ্রহণের গুরুত্ব বিষয়ে আলোচনার জন্য তরুণীদের সাথে একটি সভায় যোগ দেন। দূতাবাস সূত্রে জানা যায়, ডিসিএম’র সাথে তরুণীরা তাদের প্রতিবন্ধকতা এবং তাদের নিজেদের ও তাদের পরিবারের ওপর ইউএসএআইডি কার্যক্রমের প্রভাব বিষয়ে আলোচনা করেন। একদল অনুপ্রাণিত কিশোর-কিশোরীর সাথে জেন্ডার সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং তারা কীভাবে তাদের নিজ নিজ সমাজে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছে সে বিষয়ে আলোচনার মধ্য দিয়ে ডিসিএম তাঁর দিনের কাজ শেষ করেন। দিনটি ছিলো আনন্দ মুখরিত- ডিসিএম’র উদ্দীপনা ও পারস্পরিক আলাপের মাধ্যমে সকল তরুণ অংশগ্রহণকারী যেমন গভীরভাবে অনুপ্রাণিত হয়েছেন তেমনি তিনিও অনুপ্রাণিত হয়েছেন।






















