কমিউনিটি হেলথ /পরিবেশ প্রকৃতি / নিউজ ডেস্ক :
চট্টগ্রাম শহরে অক্সিজেন ভান্ডার নামে পরিচিত সিআরবি রক্ষা নিয়ে বিভিন্ন ব্যানারে সাধারণ মানুষের আন্দোলন চলছেই। এবারে মুখে অক্সিজেনের মাস্ক লাগিয়ে পুরো অক্সিজেনের বোতল নিয়ে হাজির হলেন সিনিয়র সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু বিবেকের তাগিদে প্রকৃতির এমন একটি দান সিআরবিকে রক্ষা করার জন্য এখানে এসেছেন বলে জানান তিনি।
শনিবার (৩১ জুলাই) সকালে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তিনি অসুস্থ অবস্থায় সিআরবি এলাকায় হালকা বৃষ্টির মধ্যেই কয়েকটি গাছের নীচে কয়েক ঘন্টা অবস্থান করেন । এসময় অনেকে এসে তাঁর সাথে সংহতি ও একাত্মতা জানান।
মুক্তিযোদ্ধা প্রবীণ এই সাংবাদিক বলেন হাসপাতালের বেডে প্রাণভরে বিশুদ্ধ অক্সিজেন নিতে না পারার কষ্ট আমি উপলব্ধি করি। রোগে ভুগে আমি এখন মৃত্যুর দ্বারপ্রান্তে। সিআরবির অক্সিজেন কারখানা এই সব গাছপালা ও পাহাড়ের মৃত্যু হলে আমার জীবনের মতো আমার প্রিয় চট্টগ্রামেরও মৃত্যু হবে। এটা চট্টগ্রামবাসী চায় না।
তাছাড়া এই সিআরবি মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত। কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কবর রয়েছে এখানে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্নিযুগের অগ্নি সন্তান সূর্যসেন, প্রীতিলতা সহ শত বিপ্লবীর স্মৃতিধন্য এই চট্টগ্রাম। ইতিহাস ঐতিহ্যের এই সিআরবি রক্ষা করা সবার দায়িত্ব।
























