কমিউনিটি নিউজ / নিউজ ডেস্ক :
পহেলা ফাল্গুনকে স্বাগত জানিয়ে বসন্তে উৎসবে মেতে উঠেছে সারা বাংলাদেশ। এই বর্ণিল উৎসবের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছিল ঢাকাস্থ আমেরিকান দূতাবাস। বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার এসব অনুষ্ঠানে অনলাইনে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দূতাবাস সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার ৪৯ বছর পূর্তি এবং বসন্ত ঋতুর আগমন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ইএমকে দিবস ও বসন্ত উৎসব ২০২১-এ তিনি ভার্চুয়ালি অংশ নিয়েছেন। সূত্রে জানা যায়,
সিনেটর কেনেডি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে কলাভবন প্রাঙ্গনে একটি বটগাছ লাগিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, “আমেরিকার প্রকৃত বিদেশ নীতি হলো নাগরিকের সাথে নাগরিকের, বন্ধুর সাথে বন্ধুর, জনগণের সাথে জনগণের ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা, যার কোন কিছুতেই বিনাশ নেই।” প্রতিবছর সেই বট গাছের বেড়ে ওঠা যেন আমাদের ক্রমবর্ধমান শক্তিশালী সম্পর্কেরই প্রতীক। প্রতিবছর আরো শক্তিশালী ও আরো দৃঢ় হচ্ছে আমাদের দুই দেশের বন্ধন।
উৎসব আয়োজনে সহযোগিতা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগ, সুরের ধারার শিল্পীবৃন্দ এবং ইএমকে সেন্টারের সকলকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত।






















