কমিউনিটি সেবা /জেলা প্রশাসন / নিউজ ডেস্ক :
কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ সুবিধবঞ্চিত শিশু অধিকার শিশু অধিকার বাস্তবায়ন ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা ‘অপরাজেয় বাংলাদেশ’র সুবিধাবঞ্চিত ৫০ জন শিশুর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ত্রাণ ও ফল সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(৩ মে) সকাল ১১টায় ৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামাল। প্রতি প্যাকেট সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১টি হুইল সাবান, তরমুজ, আপেল, মাল্টা, বিস্কুট ও চকলেট। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, অপরাজেয় বাংলাদেশ’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুব-উল আলম, চট্টগ্রাম জোন ইনচার্জ জিনাত আরা বেগম, শিক্ষক চুমকি দত্ত ও শিক্ষক সীমা রক্ষিত। উপহার সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মোঃ মাসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতিতে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সমাজের সুবিধাবঞ্চিত শিশু, দুঃস্থ শিল্পী, কলাকুশলী, অস্বচ্ছল নির্মাণ শ্রমিক, ভ্যান চালক, দিনমজুর, বেদে ও অন্যান্য শ্রেণি পেশার কর্মহীন মানুষদেরকে ত্রানের আওতায় আনা হচ্ছে। লকডাউনে কর্মহারা কেউ সরকারী ত্রান পাওয়া থেকে যাতে বঞ্চিত না হয় সে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নজরদারী করা হচ্ছে। আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা।
……(কমিউনিটি টিভির নিয়মিত সংবাদ কমিউনিটি সেবা। জনসেবা নিয়ে যে কেউ বা যে কোন কমিউনিটির নিউজ, ছবি ও ভিডিও পাঠাতে পারেন
communitytvnews@gmail.com )























