আন্তর্জাতিক কমিউনিটি / স্পোর্টস /নিউজ ডেস্ক :
ল্যাটিন আমেরিকান কমিউনিটির ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদনের ঐতিহ্য ধারন করে আছে ছন্দময় এক ফুটবল খেলার আসর। বর্ণিল এই আসরের নাম কোপা আমেরিকা কাপ। স্পেনিশ ভাষায় বলা হয় কাম্পিয়োনাতো সুদামেরিকানো কোপা আমেরিকা
(Campeonato Sudamericano Copa América)। এটি দক্ষিণ আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনের একটি নিয়মিত ফুটবল প্রতিযোগিতা এবং সবচেয়ে পুরনো আন্তর্জাতিক মহাদেশীয় ফুটবল আসর । এমনকি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতার আগে এ টুর্নামেন্ট চালু হয়। ১৯১৬ সালে চালু হওয়া এই টুর্নামেন্ট ১৯৭৫ সালে বতর্মান নাম কোপা আমেরিকা ধারণ করে। ১৯১০ সালে এই প্রতিযোগিতা পরীক্ষামূলক চালু হয়েছিল। বর্তমানে বারটি দেশের অংশগ্রহণে এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৯৯০ সাল থেকে উত্তর আমেরিকা ও এশিয়া থেকে দুটি দেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়।
২০২১ পর্যন্ত অনুষ্ঠিত ৪৭টি আসরে আটটি দেশের দল শিরোপা অর্জন করে। কনমেবলের দশটি দল থেকে কেবল ইকুয়েডর ও ভেনেজুয়েলা এখনো বিজয়ী হতে পারেনি। উরুগুয়ে সর্বাধিক ১৫ বার চ্যাম্পিয়ন হয়। তবে এবার ২০২১ সালে আর্জেন্টিনা শিরোপা জয় করে সমান সমান ১৫ বার রেকর্ড করে। ব্রাজিল ৯ বার শিরোপা অর্জন করে। আর্জেন্টিনা ১৯১৬ সালে প্রথম আসরের আয়োজক এবং তারা ৯ বার এই আসর আয়োজন করে। মার্কিন যুক্তরাষ্ট্র কনমেবলের বাইরে একমাত্র আয়োজক দেশ, যারা ২০১৬ সালের আসর আয়োজন করে। ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩ ও ২০২০ সালে দক্ষিণ আমেরিকার একাধিক দেশে এই আসর বসে।
উল্লেখ্য, সাধারনত দক্ষিণ আমেরিকার স্পেনিশ, পর্তুগিজ ও ফ্রান্স ভাষাভাষী জনগোষ্ঠীকেই ল্যাটিন আমেরিকান কমিউনিটি নামে অভিহিত করা হয়। তবে উত্তর আমেরিকার মেক্সিকোকেও এই কমিউনিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্যান্য দেশগুলো হলো মধ্য আমেরিকার গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভেদর, নিকারাগুয়া,কোস্টারিকা ও পানামা। দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, পেরু,বলিভিয়া, ব্রাজিল, প্যারাগুয়ে, চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়ে। ক্যারিবিয়ান রাস্ট্রগুলো হলো কিউবা, হাইতি, ডমিনিকান রিপাবলিক। প্রায় ১৯.২ মিলিয়ন বর্গ কিলোমিটার আয়তনের এই ভূখণ্ডে প্রায় ৬৪,২২,১৬,৬৮২ জনসংখ্যার বসবাস।
……. তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।






















