নিউজ ডেস্ক : চট্টগ্রামে প্রথমবারের মত উদ্বোধন হতে যাচ্ছে শিল্প ব্যবসাবান্ধব ইনকিউবেশন সেন্টার। যেখানে মহিলাদের আত্মকর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে নতুন নতুন ধারনা ও প্রকল্প নিয়ে কাজ করা হবে। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ(CWCCI), SMEF ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এর সহযোগিতায় এসএমই ব্যবসায় এই ইনকিউবেশন সেন্টার হতে যাচ্ছে। উন্নত ব্যবস্থাপনা দিয়ে সামগ্রিক সুযোগ সুবিধা সম্বলিত এই সেন্টার পরিচালিত হবে। এ বিষয়ে CWCCI এর পরিচালক মোশতারী মোরশেদ স্মৃতি বলেন, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ও তারই পরামর্শে মূলত এই ইনকিউবেশন সেন্টার হতে যাচ্ছে। এখানে সংগৃহীত শিল্প ব্যবসা সংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবায়নের জন্য গবেষণা করা হবে। পেশাদার বিশেষজ্ঞদের পরামর্শে ধারণাগুলো টেকসই ব্যবসায় রূপান্তর করা হবে। এই সময়োপযোগী উদ্যোগ চট্টগ্রাম তথা বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনবে। জানা যায়, এই ইনকিউবেশন সেন্টারের জন্য ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি থেকে থেকে ১৩ জানুয়ারি । দুই পর্বের এই ওরিয়েন্টেশন কোর্স সবার জন্য উন্মুক্ত। আগ্রহীদের চট্টগ্রামের আগ্রাবাদে জাহান বিল্ডিং উইমেন চেম্বার অফিসে বা 01712011488 বা cwccibic@cwcci.org যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
























