স্পোর্টস/তারুণ্য/ নিউজ ডেস্ক :
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ভিন্ন ভিন্ন ম্যাচে আজ মাঠে নেমেছিলো ব্রাজিল ও আর্জেন্টিনা। নেইমারের এক গোল ও এক অ্যাসিস্টের সুবাদে পেরুর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্হান অক্ষুন্ন রেখেছে ব্রাজিল।ম্যাচের অপর গোলটি আসে এভারটন রিভেইরোর পা থেকে।
দিনের অপর ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫ঃ৩০ মিনিটে নিজেদের মাঠে বলিভিয়া কে ৩-০ গোলে উড়িয়ে আন্তর্জাতিক বিরতি ভালোভাবেই শেষ করলো আর্জেন্টাইনরা। ম্যাচের তিনটি গোলই করেন লিওনেল মেসি।সাথে গড়েন দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড।
ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইনরা।বল দখলে রেখেছে পুরো ম্যাচের ৭০ শতাংশ ৷ ম্যাচের ১৪ মিনিটে পারেদেসের পাস থেকে দূরপাল্লার জোড়ালো শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি।২৭ তম মিনিটে কাছ থেকে জালে বল পাঠিয়েছিলেন লাউতারো মার্তিনেস। কিন্তু অফসাইডে ছিলেন তিনি। ৪০তম মিনিটেও দারুণ আরেকটি সুযোগ নষ্ট করেন মার্তিনেস। বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে মেসি বল বাড়ান তাকে; পোস্টের বাইরে মেরে হতাশ করেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রদ্রিগো ডি পলের ভুলে ডি বক্সের মধ্যেই বল পেয়ে যান বলিভিয়ার ফরওয়ার্ড হেনরি ভাকা,তবে বল পাঠাতে পারেন নি লক্ষ্যে।
৬৪ তম মিনিটে লাওটারো মার্তিনেজের সাথে বল আদান প্রদানের ফাঁকেই দ্বিতীয় লক্ষভেদ করেন মেসি।নিজের ৭৮ তম এই গোলটি করে ভেঙে ফেলেন পেলের গড়া দক্ষিণ আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যাচের ৮৮ তম মিনিটে আরো একটি গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার লিও। এটি মেসির ক্যারিয়ারের ৫৪ তম হ্যাট্রিক।
৯২ ম্যাচে ৭৭ গোল করা তিন বিশ্বকাপ জয়ী পেলে কে পিছনে ফেলে লিওনেল মেসি এখন দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ গোলদাতা।
মোট ১৫৩ ম্যাচ খেলে ৭৯ গোল করেন এই আর্জেন্টাইন। সারাবিশ্বের লিস্টে মেসি যৌথভাবে রয়েছেন ৫ম স্হানে। সমান গোল করা অন্যজন হলেন জাম্বিয়ার গডফ্রে চিতালো।১১১ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১০৯ গোল নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ইরানের আলি দাঈয়ি।
-রাকিবুল হাসান জুবাইর
স্পোর্টস রিপোর্টার
























