স্পোর্টস/তারুণ্য/ইয়ং কমিউনিটি/নিউজ ডেস্ক:
আজ পর্দা উঠছে চ্যাম্পিয়ন্স লীগের। বার্সার প্রতিপক্ষ বায়ার্ন
চ্যাম্পিয়ন্স লীগ মানেই বিশ্বের সেরা সেরা ফুটবল ক্লাবের জমজমাট লড়াই।সমগ্র বিশ্বের ফুটবল ভক্তরা মুখিয়ে থাকে ইউরোপের এই ফুটবল মহারণ দেখতে।
আজ উদ্বোধনী দিনে মাঠে গড়াচ্ছে বেশ কয়েকটি হাই-ভোল্টেজ ম্যাচ।তন্মধ্যে সবচেয়ে আলোচিত স্পেনিশ জায়ান্ট বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ।
কথায় আছে,”যেখানে বাঘের ভয়,সেখানেই রাত হয়”। বার্সার ক্ষেত্রেও এমনটা হলো। বায়ার্ন মিউনিখের বিপক্ষে বার্সেলোনার সেই ৮-২ গোলের হারটাই এখন শিরোনাম।
২০১৯-২০ চ্যাম্পিয়ন্স লিগে এক লেগের কোয়ার্টার-ফাইনালে কাতালান ক্লাবটির জালে গুনে গুনে আটবার বল পাঠিয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। ৮-২ গোলের সেই পরাজয় ১৯৫১ সালের এপ্রিলের পর স্প্যানিশ দলটির সবচেয়ে বড় হার।
ঠিক ১১ মাস পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি।বার্সেলোনার হোম গ্রাউন্ড ক্যাম্প নউয়ে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায়।
চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে দুইদল এর আগে মুখোমুখি হয়েছিলো ৭ বার।এতে বায়ার্নের জয় ৪ বার,বার্সেলোনার জয় ২ বার।বাকী একম্যাচ ড্র হয়েছিল। গ্রুপ পর্বেও তারা অতীতে দুইবার মুখোমুখি হয়েছিলো, এক জয় বার্সার এবং বাকীটা ছিলো ড্র।
এখন,ম্যাচের ফলাফলটাই বলে দিবে এটা কি ২০১৯-২০ আসরের পুনরাবৃত্তি নাকি প্রতিশোধ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ভালোই আত্মবিশ্বাসী জার্মান ক্লাব বায়ার্ন।তারা বুন্দেসলিগায় লেইপজিগকে ৪-১ ব্যবধানে হারিয়েই বার্সেলোনার বিমান ধরেছে। এর আগে ব্রমার এস ভি’র বিপক্ষে তারা জিতেছে ১২-০ গোলে,তারপরের ম্যাচে হার্থা এফ সি’র সাথে জিতেছে ৫-০ গোলে।পরিসংখ্যান হিসেবে শেষ ৩ ম্যাচে বায়ার্ন মিউনিখ গোল স্কোর করেছে ২১ টি এবং তারা গোল হজম করেছে মাত্র একটি।তাদের এই সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্যই চিন্তার কারন হবে বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যানের। বায়ার্নের বিপক্ষে ওই হারের পরপরই বার্সেলোনার দায়িত্ব পেয়েছিলেন কুম্যান। সোমবার সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেন, এক বছর আগের হারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ এবার তাদের সামনে।
“বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা ওই রাতে অনেক কষ্ট পেয়েছিল। এটাকে পরিবর্তনের সুযোগ হিসেবে দেখতে হবে। আর অন্যদের জন্য, এটা বায়ার্নকে আঘাত করার সুযোগ। আমরা তা করতে পারি, এখন শুধু সঠিক উপায় খুঁজে বের করতে হবে।”
একই সঙ্গে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কথাও বললেন কুম্যান। ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।
এদিকে দিনের অন্যান্য ম্যাচ গুলোতে মুখোমুখি হবে জুভেন্টাস-মালমো, চেলসি-জেনিত, ভিয়ারিয়াল -আটালান্টা এবং ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দিবে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজ।
-রাকিবুল হাসান জুবাইর
স্পোর্টস রিপোর্টার























