ফেসবুক কমিউনিটি /হাইটেক/বিজনেস/নিউজ ডেস্ক :
এখন থেকে ‘মেটা’ নামে ব্যবসায়িক সব কার্যক্রম পরিচালনা করবে সোশ্যাল মিডিয়া জায়ান্ট কোম্পানি ফেসবুক ইনকরপোরেশন। তবে মূল প্রতিষ্ঠানের কর্পোরেট নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম পরিবর্তন হবে না। নতুন কর্পোরেট নাম মেটা’র অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক।
ফেসবুক ছাড়াও এই কোম্পানির অধীনে রয়েছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অকুলাসের মতো সোশ্যাল মিডিয়ায় আরও বেশ কিছু অ্যাপস। অ্যাপসগুলোর প্যারেন্ট কোম্পানি হবে এই মেটা।
তথ্যসূত্রে জানা যায়, মেটা অর্থ সংযুক্তি হয়ে সম্পন্ন হওয়া বা মীমাংসা করা ইত্যাদি। এতে মানুষে মানুষে সংযুক্তি বাড়িয়ে বিভিন্ন কমিউনিটি খুঁজে পাওয়া এবং ব্যবসা বাড়াতে সহায়তা করবে। নতুন নাম মেটা’র ব্র্যান্ডিং এর কারণে এসব অ্যাপসগুলো একটি মূল কোম্পানির অধীনে চলে আসবে।
তবে কর্পোরেট কাঠামোর কোনো পরিবর্তন হবে না বলে ২৮ অক্টোবর ভার্চুয়ালি আয়োজিত অগমেন্টেড রিয়েলিটি (এআর) কনফারেন্সে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ‘মেটা’র আওতায় আরো নতুন কিছু অ্যাপস ও হাইটেক প্রোডাক্ট বাজারে আনার ঘোষণা দেন তিনি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায়, সেবা বিস্তৃত করতে গিয়ে সিলিকন ভ্যালির অনেক কোম্পানিই তাদের নাম পরিবর্তন করে থাকে। যেমন, ২০১৫ সালে গুগল অ্যালফাবেট ইনকরপোরেশন নামে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করে। এটি সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন বাণিজ্য তদারকির পাশাপাশি গুগলের অন্যান্য উদ্যোগও তদারকি করে থাকে।
তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
























