KSRM
Home কমিউনিটি দামপাড়া জায়গাটি ঐতিহাসিক জায়গা। নির্মিতব্য চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

দামপাড়া জায়গাটি ঐতিহাসিক জায়গা। নির্মিতব্য চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

0

পুলিশ কমিউনিটি / সংস্কৃতি /নিউজ ডেস্ক  :

দামপাড়া জায়গাটি একটি ঐতিহাসিক জায়গা, ১৯৩০ সালে এখানেই ছিল চট্টগ্রাম অস্ত্রাগার, মাস্টারদা সূর্যসেন তার বিপ্লবী বাহিনীকে নিয়ে এই চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন করে চট্টগ্রাম অঞ্চলকে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ১১ দিন স্বাধীন রেখেছিলেন। সেই ইতিহাস কিন্তু সবাই জানে না।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধকালীন পাক-হানাদার বাহিনীর হাতে নিহত চট্টগ্রামের তৎকালীন পুলিশ সুপার শামসুল হকের বীরত্বগাথা অবলম্বনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দামপাড়া’ এর শুভ মহরত অনুষ্ঠানে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ  এ কথা বলেন।
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভির। উপ-পুলিশ কমিশনার বিজয় বসাকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, ‘দামপাড়া’ ছবির নায়ক ফেরদৌস খান, নায়িকা হাসনে হাবীব ভাবনা, চলচ্চিত্রটির রচয়িতা আনন জামান, পরিচালক শুদ্ধমান চৈতন, মুক্তিযুদ্ধে নিহত সাবেক এসপি শামসুল হকের সহধর্মীনি মাহমুদা হক চৌধুরী প্রমুখ।
তথ্যমন্ত্রী আরো বলেন, দামপাড়ায় ১৯৩০ সালের ঘটনা আর ১৯৭১ সালের ঘটনার মধ্যে একটি বৈপরিত্য আছে। সেই বৈপরিত্যটা হচ্ছে, ১৯৩০ সালে এখান থেকে অস্ত্র লুণ্ঠন করতে হয়েছিল, অস্ত্র লুণ্ঠন করে বিপ্লবীরা ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং চট্টগ্রাম অঞ্চলকে তারা ১১ দিন স্বাধীন রাখতে সক্ষম হয়েছিলেন। আর ১৯৭১ সালে লুণ্ঠন করতে হয়নি। বরং অস্ত্রাগারের যিনি রক্ষক ছিলেন পুলিশ সুপার শামসুল হক তিনি অস্ত্রগুলো বিতরণ করে দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। সুতরাং দুই ঘটনার মধ্যে একটা বৈপরিত্য আছে।

এক নজরে পূর্ণদৈর্ঘ্য চলচিত্র ‘দামপাড়া’ :

রচনা, চিত্রনাট্য ও সংলাপ : আনন জামান।
পরিচালকঃ- শুদ্ধমান চৈতন।
নির্বাহী প্রযোজকঃ- বিজয় বসাক।
অভিনয়েঃ- নায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা আশনা হাবিব ভাবনা, মনির খান শিমুল, অনন্ত হিরা, পলাশ, আরো অনেকে।
দামপাড়া পুলিশ লাইন, সিআরবি ও চট্টগ্রামের কয়েকটি স্থানে ইতোমধ্যে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং এর কাজ।
জানা যায়, মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রামকে পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞ থেকে রক্ষার নিমিত্তে আত্মোৎসর্গকারী তৎকালীন চট্টগ্রাম জেলার এস.পি এম শামসুল হক এর  বর্ণাঢ্য জীবন, অসাধারন পেশাদারিত্ব ও দেশপ্রেম নিয়ে সিএমপির প্রযোজনায় নির্মিতব্য এই চলচ্চিত্র ‘দামপাড়া’।  ছবিটির প্রধান চরিত্র তৎকালীন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এম শামসুল হকের অভিনয় করছেন ফেরদৌস আহমেদ। পুলিশ সুপার এম শামসুল হকের স্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here