আন্তর্জাতিক কমিউনিটি / ডিপ্লোম্যাট/নিউজ ডেস্ক:
বাংলাদেশকে পরবর্তী ‘ এশিয়ান টাইগার’ নামে অভিহিত করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজিনা। বাংলাদেশের ৫০তম জন্মশতবার্ষিকী স্মরণে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজিনা- এক বার্তায় বলেন, বাংলাদেশের অসাধারণ জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা! আমি বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজিত ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত। ১৯৭১ সালের সেই ভয়াবহ দিনগুলোতে কে কল্পনা করতে পেরেছিল যে ৫০ বছর পরে বাংলাদেশ একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে, এমন একটি দেশ হবে যারা কোটি কোটি নাগরিককে দারিদ্র্য মুক্ত করবে, এমন একটি দেশ হবে যারা মধ্যম-আয়ের দেশে যোগ দেবে? কেউ কেউ এই রূপান্তরকে অলৌকিক ঘটনা বলে থাকেন; আমি সেটা বলি না। বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে আমার কাছে এটা সুস্পষ্ট হয়েছে যে, এই রূপান্তর বাংলাদেশের জনগণের কঠোর পরিশ্রম ও উদ্ভাবনের ফসল। আমি প্রায়ই বলি এতে অবাক হওয়ার কিছু নেই বাংলাদেশ পরবর্তী ‘এশিয়ান টাইগার।’ তিনি আরো বলেন, আমি গর্বিত যে বাংলাদেশের এই অসাধারণ অগ্রযাত্রায় আমেরিকা বাংলাদেশের অংশীদার। এখন আমাদেরকে সেই সব মানুষদের কথা স্মরণ করতে হবে যারা এদেশের দৃঢ় ভিত্তি গড়ে তুলতে আত্মত্যাগ করেছেন, যে কারণে আমরা আজকে এই দেশকে এতো ভালোবাসতে পারছি। তাঁরা তাঁদের মহান আত্মত্যাগের জন্য আমাদের স্মৃতিতে ও হৃদয়ে চির জাগরূক হয়ে থাকবেন। তিনি বলেন, আমাকে এই প্রশ্ন প্রায়ই শুনতে হয় — কেন আমার হৃদয়ে বাংলাদেশ এভাবে স্থান করে নিয়েছে। এর উত্তর সহজ: বাংলাদেশী জনগণ সত্যিকারভাবে অসাধারণ, আমার কয়েক দশকের জীবনে দেখা সেরা জনগণ। আপনাদের এই উদযাপন এবং একটি শান্তিপূর্ণ, নিরাপদ, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক ও সুস্থ জাতি গঠনে বাংলাদেশের বড় ধরনের অগ্রগতি ও অব্যাহত প্রচেষ্টার উদযাপনের এই দিনে আপনাদের জন্য আমার শুভকামনা। আমার মন ও প্রাণ বাংলাদেশের ঐতিহাসিক এই মুহুর্তের সাথেই রয়েছে।
উল্লেখ্য, ড্যান মোজিনা দুই দফায় বাংলাদেশে কাজ করেছেন — পলিটিক্যাল অ্যান্ড ইকনোমিক কাউন্সিলর হিসেবে ১৯৯৮-২০০১ এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত।
সূত্র : ঢাকাস্থ আমেরিকান দূতাবাস।
ছবি: ফাইল ছবি।
























