এনআরবি কমিউনিটি / নিউজ ডেস্ক :
দুবাইয়ে বিশ্ব বিখ্যাত ও সর্বোচ্চ বিল্ডিং টাওয়ার বুর্জ খলিফা এবার আলোকিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী আরব দেশ সংযুক্ত আরব আমিরাত(UAE) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, ১৭ মার্চ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফায় বঙ্গবন্ধুর ছবি, জন্মশতবার্ষিকীর লোগো প্রদর্শিত হবে এবং আরবি ও ইংরেজি ভাষায় জন্মশতবর্ষের ঘোষণা দেয়া হবে। একই সঙ্গে আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে বঙ্গবন্ধুর ছবি। এই বিশাল আয়োজনে আন্তর্জাতিক কমিউনিটিতে দেখা দিয়েছে বেশ আনন্দ ও কৌতুহল। কারন সাম্প্রতিক বিশ্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরব আমিরাত একটি প্রভাবশালী রাস্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। কৌশলগত দিক দিয়ে দেশটি পার্শ্ববর্তী বড় শক্তি সৌদি আরবের অন্যতম মিত্র। তাছাড়া প্রতিবেশী ধনী কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় পুরো উপসাগরীয় অঞ্চলে তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেয়েছে। এদিকে দুবাইয়ে বুর্জ আল খলিফায় বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের খবরে সেখানকার প্রবাসী বাংলাদেশ কমিউনিটির মাঝে দেখা যাচ্ছে আনন্দ উদ্দীপনা। সাইফুল আজম নামে প্রবাসী এক ব্যবসায়ী কমিউনিটি নেতা অনলাইন ফোনে বলেন, দেশের বাইরে প্রবাসেও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালনের খবরে আমরা সবাই আনন্দিত। আমরাও এই উৎসবে শরীক হতে পারব। এতে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাবে এবং বঙ্গবন্ধু যে একজন আন্তর্জাতিক পর্যায়ের নেতা ছিলেন তা সুস্পষ্ট হয়ে উঠবে। সারা বিশ্বে বাঙ্গালী কমিউনিটির সম্মান ও মর্যাদা বাড়বে। কারন দুবাই একটি আন্তর্জাতিক কানেক্টিভিটি কেন্দ্র।
























