
নিউজ ডেস্ক : আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবারে সেখানে বসবাসরত বিভিন্ন দেশের কমিউনিটি বিশেষ ভূমিকা রেখেছে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে বাংলাদেশ কমিউনিটির ভূমিকাও উল্লেখ করার মত। জো বাইডেনের রানিং মেট ভাইস প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের কারনেই বিদেশি অভিবাসীদের মাঝে এজন্য ব্যাপক আগ্রহ তৈরী হয়েছে বলছেন তারা। তাছাড়া বিদেশি অভিবাসীদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি বৈষম্য নীতি ও জটিলতা সৃষ্টিও এর কারন হিসেবে দেখা হচ্ছে । প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের পাঠানো বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, নির্বাচনের আগে ও পরে বাংলাদেশ কমিউনিটির অনেকে আনন্দ উল্লাসের সাথে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সমর্থনে ছোট ও শান্তি পূর্ণ মিছিল সমাবেশ করে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষেও কিছু বাংলাদেশী আমেরিকান কাজ করলেও জো বাইডেনের পক্ষে তাদের প্রচারণা ও অংশ গ্রহণ বেশি দেখেছেন বলে জানা গেছে বিভিন্ন অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাছাড়া ঐতিহাসিক ভাবেও প্রবাসী ও অভিবাসীরা সাধারণত ডেমোক্র্যাটদের শাসনামলে বেশী সুযোগ সুবিধা পাওয়ায় সেক্ষেত্রে পছন্দের তালিকায় জো বাইডেন ছিলেন বেশী। সাধারণত বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিকদেরা বাংলাদেশী মার্কিনী বা Bangladeshi American নামে পরিচিত । বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যমতে, ১৯৭০ সালের পূর্ব থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আগত অভিবাসীর সংখ্যা বাড়ছে। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক সিটি, প্যাটারসন, নিউ জার্সি, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, বোস্টন, আটলান্টা, সান ফ্রান্সিস্কো, ডেট্রয়েট, শিকাগো, ফ্লোরিডা , ডালাস, হিউস্টন, উত্তর ক্যারোলিনা, হ্যামট্র্যামক, মিশিগান-এ বাংলাদেশী কমিউনিটির বসবাস দেখা যায়।























