নিউজ ডেস্ক :
নাগরিক সেবাকে আরো ব্যাপক ও সহজ করতে সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তার কথা বললেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন, মেয়রের ক্ষমতা সীমাবদ্ধ। কিন্তু নাগরিকদের চাওয়া ও দাবী অনেক। তাই নাগরিক সেবা বাড়াতে হলে মেয়রের প্রশাসনিক ক্ষমতা বাড়ানো প্রয়োজন।এজন্য সিটি গভর্নমেন্ট করা যেতে পারে। বুধবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে নবনির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনকে সামনে রেখে এই সংবর্ধনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, ঢাকার সিটি মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফ ও চট্টগ্রাম সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীও সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। কিন্তু পরবর্তীতে সেটি আলোর মুখ দেখেনি। বর্তমানে এটি নিয়ে কেউ কথাও বলছেন না। অথচ এতবড় শহরের লক্ষ কোটি মানুষের নাগরিক সেবা দিতে প্রয়োজন সেবা সংস্থাগুলোর সমন্বয়। সুষ্ঠু সমন্বয়ের জন্য প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা। সেজন্যই সিটি গভর্নমেন্ট। তিনি আইনজীবীদেরও সিটি গভর্নমেন্টের প্রয়োজনীয়তা নিয়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক উন্নয়ন কার্যক্রম চলছে। তিনিও চান তৃনমূল পর্যায়ে আরো ব্যাপক উন্নয়ন। বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, আমার জানামতে চট্টগ্রাম শহরে এখনো অনেকে সঠিকভাবে পৌরকর ও হোল্ডিং ট্যাক্স দেন না। তিনি নাগরিক দায়িত্ব হিসেবে যথাযথভাবে হোল্ডিং ট্যাক্স প্রদানের জন্য আইনজীবীদের প্রতি আহবান জানান। এ-সময় সংবর্ধিত অতিথি নব নির্বাচিত চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, পাহাড়, নদী, সাগরের মেলবন্ধনে আমাদের অপরুপ চট্টগ্রাম। পুরো শহরটিই পর্যটন নগরী। তাই বাংলাদেশের এই সুন্দর বানিজ্যিক নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, নান্দনিক, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই। এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তারা আগামী ১০ ফেব্রুয়ারী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন সহ হাশেম-জিয়া-মামুন প্যানেলের সবাইকে জয়লাভ করার আহবান জানান।
























