স্থাপত্য /শিল্পকলা/নিউজ ডেস্ক :
করোনার প্রথম ঢেউয়ে বেশ আলোচিত হওয়ার পর এবার করোনার দ্বিতীয় ঢেউয়ে যেন আরো কৌতুহলের কেন্দ্র বিন্দু হয়ে উঠছে ভাস্কর্যটি।
করোনা উপলক্ষে কিংবা করোনা প্রতীককে ধারন করে ভাস্কর্যটি তৈরী হয়নি। কিন্তু কাকতালীয়ভাবে এটি শেষ পর্যন্ত ‘করোনা ভাস্কর্য’ নামেই পরিচিতি পেয়েছে। যে চত্বরে এটির অবস্থান সেটিও যেন পরিচিতি পেয়েছে ‘করোনা চত্বর’ নামে। তিন রাস্তার মোড়টি প্রায় ত্রিকোণ আকৃতির হওয়ায় এটাকে বলা হচ্ছে করোনা ‘ ‘ ‘ট্রায়াংগেল(Corona Triangle)’। করোনা ভাইরাসের প্রতিচিত্র বা ম্যুরালের মতোই অনেকটা দেখতে এই মোড়ের ভাস্কর্যটি মনে হয় যেন করোনা দুর্যোগ আসার পর শিল্পী তার আপন মনের মাধুরী মিশিয়ে তৈরি করেছেন। আসলে মোটেও তা নয়। কারন ভাস্কর্যটি তৈরি হয়েছিল ২০১৮ সালে, আর উদ্বোধনও করা হয়েছিল ২০১৮ সালের ১৩ অক্টোবর। কিন্তু করোনা আসে বাংলাদেশে ২০২০ সালের জানুয়ারীতে। চট্টগ্রাম শহরের জামাল খান ওয়ার্ডের এসএস খালেদ সড়ক (আসকার দীঘির পূর্বপাড়) ও সার্সন রোডের গোলচত্বরে ‘মৈত্রী-১’ নামের ভাস্কর্যটি এখনো নজর কাড়ছে অনেকের। দেখতে অনেকটা করোনা ভাইরাসের মতো হওয়ায় পথচারী ও গাড়ীর যাত্রীদের কৌতুহলী চোখ ঘিরে থাকে ভাস্কর্যটিকে। নির্মাতারাও কখনো ভাবেন নি এটা একসময় করোনা প্রতীকের মতই মূর্ত হয়ে উঠবে। শিল্পী হয়তো তার শৈল্পিক মন দিয়ে এরকম একটি ভাস্কর্য তৈরি করে ফেলেন যেটা প্রায় দুবছর পর করোনা ভাইরাসের ছবির মতোই মনে হচ্ছে । বিষয়টিকে খুবই অদ্ভুত লাগছে সবার কাছেই।
ভাস্কর প্রণব সরকার ও স্থপতি আইনুল ইসলাম শাওন শৈল্পিক ডিজাইন করেছেন এ ভাস্কর্যের।
ভাস্কর্যের উদ্বোধন করতে গিয়ে তৎকালীন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন তখন বলেছিলেন, গ্রিন সিটি ক্লিন সিটি গড়ার মধ্য দিয়ে নগরকে একটি পরিবেশ বান্ধব নগরে পরিনত করার উদ্যোগের অংশ হিসেবেই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে। জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন এ বিষয়ে বলেন, ত্রিকোণাকৃতি চত্বরটি জামালখান, বাগমণিরাম ও চকবাজার ওয়ার্ডের সীমানায় বলেই এর অপরূপ মেলবন্ধনের কারনে ‘মৈত্রী ‘ নামকরণ ও ডিজাইন করা হয়েছে। এলাকার একাধিক বাসিন্দা জানান, তাল বা এ জাতীয় একটি গাছ কেটেই সে স্থানেই তৈরি করা হয়েছিল এই স্টিলের ভাস্বর্য। করোনা দুর্যোগের প্রথম ঢেউয়ের পর যখন দ্বিতীয় ঢেউ চলছে তখন আবারও নতুনকরে আলোচিত হচ্ছে এই করোনা চত্বর। দিন ও রাতের পালাবদলে আলো আঁধারের খেলায় যেন আরো বেশী রহস্যময় হয়ে উঠছে এই করোনা ট্রায়াংগেল ।




















