আন্তর্জাতিক কমিউনিটি / স্পোর্টস / নিউজ ডেস্ক :
জাপানের টোকিও তে এবারের বিশ্ব অলিম্পিকে রাশিয়া নিষিদ্ধ হলেও তাদের ক্রীড়াবিদরা দেশের নাম পরিচয় ও পতাকা ছাড়া অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এত প্রতিকূলতার পরও তারা উল্লেখযোগ্য সংখ্যক পদক জয় করে চমক সৃষ্টি করছে।
রাশিয়া দেশটির নামে না থাকলেও টোকিও তে জয়জয়কার রাশিয়ান এথলেটদের।
চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র ও জাপানের পরেই রয়েছে রাশিয়ানরা । নিষেধাজ্ঞার কারণে রাশিয়া দেশটির নাম উচ্চারণ করতে না পারলেও ROC নামে তাদের নাম পদক তালিকায় রয়েছে। বিশ্বের অনেকে ROC নামটি দেখে অবাক হলেও এর অর্থ হলো Russian Olympic Committee.
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এথলেটদের কথা চিন্তা করে তাদেরকে খেলায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে এই রাশিয়ান অলিম্পিক কমিটির ব্যানারে। কমিটির মতে রাষ্ট্র বা কোন সংস্থার কারনে সব এথলেটরা দায়ী হতে পারে না। তাছাড়া এতদিন অনুশীলন করে প্রতিযোগিতায় অংশ নিতে না দেওয়াটা অন্যায়। খেলা তাদের অধিকার।
রাশিয়ান এথলেটরা এতে খুশী। সবাই না পারলেও যারা পারছে খুব স্বতস্ফূর্তভাবে তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাদের ৩৩৫ জন ক্রীড়াবিদ ৩৩ টি ইভেন্টে অংশ নিচ্ছে।
ক্রীড়া বিশ্লেষকদের মতে খেলাধূলার উন্নয়নে রাশিয়া অনেক এগিয়ে। বিশেষ করে জিমনাস্টিক ও এথলেটিক্সের বিভিন্ন ইভেন্টে তাদের দক্ষতা রয়েছে অনেক। ঠিকভাবে অংশ নিতে পারলে দেখা যেত চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথেই তাদের অবস্থান।
তবে এতকিছুর পরেও রাশিয়া বেশ কৌশলী ভূমিকা নিয়েছে অলিম্পিকে। যেমন, ROC এর পতাকায় অলিম্পিকের লোগোর উপরেই অবস্থান করছে রাশিয়ার পতাকার আদলে সাদা-নীল-লাল রঙের ডোরাকাটা ঢেউ খেলানো প্রতীক। মনে হচ্ছে যেন, খোদ রাশিয়ার পতাকাটাই উড়ছে। সেই সঙ্গে রুশ প্রতিযোগীরা তাদের সেই চিরচেনা তেরঙা ড্রেস নিয়েই খেলছে। এমনকি পদক জয়ের পর রাশিয়ান জাতীয় সঙ্গীতের পরিবর্তে অলিম্পিকের মঞ্চের ব্যাকগ্রাউন্ডে বিখ্যাত রাশিয়ান কম্পোজার চাইকোভস্কির মিউজিক বাজানো হয়েছে।
কেন রাশিয়া নিষিদ্ধ ?
২০১৯ সালে রাষ্ট্র নিয়ন্ত্রিত ডোপিংয়ের ( শক্তিবর্ধক ঔষধ সেবন) কারনে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ) বা ওয়াডা এর মাধ্যমে চার বছর নিষিদ্ধ করা হয় রাশিয়াকে। এর ফলে কোনো রকম আন্তর্জাতিক ইভেন্ট, টোকিও অলিম্পিক, ২০২২ ফিফা ওয়ার্ল্ড কাপে অংশ নিতে পারবে না রাশিয়া। এমনকি রাশিয়ার কোনো পতাকা, জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত অলিম্পিকে ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল থেকেছে।























