KSRM
Home ইন্টারন্যাশনাল মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন কাতারের চট্টগ্রাম সমিতি

মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন কাতারের চট্টগ্রাম সমিতি

0

এনআরবি কমিউনিটি/বাংলাদেশ কমিউনিটি কাতার/ কমিউনিটি হেলথ/কমিউনিটি সেবা/
নিউজ ডেস্ক :

করোনাকালীন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণের ধারাবাহিক কর্মসূচি অনুযায়ী চট্টগ্রাম সমিতি-কাতারের উদ্যোগে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর, বুধবার, বিকেল ৫টায় হাসপাতালের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অনাড়ম্বর আয়োজনে বক্তারা বলেন, কাতারে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-কাতার। বাঙালিদের সুখে-দুঃখে নিরন্তর কাজ করছে সংগঠনটি। শুধু তাই নয়-দেশের নানা সামাজিক কর্মকান্ডেও এ সংগঠনের অংশগ্রহণ প্রশংসাযোগ্য।
চট্টগ্রাম সমিতি-কাতারের উপদেষ্টা ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। হাসপাতালের পক্ষে অনুদান গ্রহণ করেন এবং সূচনা বক্তব্য দেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কুতুব উদ্দিন, খায়েজ আহমেদ ভূইয়া, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (ফিন্যান্স) মো. মনজুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম সমিতি-কাতারের সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম, কার্যকরী সদস্য মো. শওকত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি-কাতারের প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু, বর্তমান সভাপতি মো. ইউসুফ এবং সাধারণ সম্পাদক মো. আবদুল জলিল ভার্চুয়ালি অংশগ্রহণ করেন এবং বলেন, এ সামান্য অনুদান গ্রহণ করে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ চট্টগ্রাম সমিতি-কাতারকে ধন্য করেছেন। আগামীতেও সংগঠনের উদ্যোগে এ কর্মধারা অব্যাহত রাখতে সবার দোয়া কামনা করেছেন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেন, মা ও শিশু হাসপাতালের সাথে জড়িতরা পরিবারকে সময় দেয়া থেকে বঞ্চিত করে মানুষের সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। তাঁদের এ ত্যাগের ফলে জীবদ্দশায় যেমন সর্বস্তরে সম্মানিত হচ্ছেন মৃত্যুও পরও যথাযথ সম্মানিত হবেন।
সভাপতির বক্তব্যে শওকত বাঙালি বলেন, কাতারে বাঙালি কমিউনিটিতে চট্টগ্রাম সমিতি-কাতার একটি সমীহ জাগানো ও আস্থার সংগঠন। এই সংগঠনের সাথে জড়িতরা সজ্জন এবং কাতারে সর্বজন শ্রদ্ধেয় ও সম্মানীয় ব্যক্তি। এই সংগঠনের মাধ্যমে নেতৃবৃন্দ কাতারে প্রতিনিয়ত বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন।
সূচনা বক্তব্যে হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চট্টগ্রাম সমিতি-কাতার ও লেখক-সাংবাদিক শওকত বাঙালিকে কৃতজ্ঞতা জানান এবং সমাজের সর্বস্তরের মানুষকে মা ও শিশু হাসপাতালের প্রতি সদয় হওয়ার অনুরোধ জানিয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।
উল্লেখ্য, পুরো আয়োজনটি সার্বিক সমন্বয় করেছে সমাজ, সংস্কৃতি, উন্নয়ন, মানবাধিকার, মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তার জবাবদিহিমূলক সংগঠন ‘আমরা করবো জয়’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here