
পবিত্র মিলাদুন্নবীতে জশনে জুলুছ শোভাযাত্রায় এবার একটি মানবিক উদ্যোগ সবার মন জয় করেছে। সেটি হলো পথচারী, মুসল্লী, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য উন্মুক্তভাবে সুপেয় পানি পান করানোর ব্যবস্থা। এতে জুলুছে অংশগ্রহণকারী লাখো ভক্ত অনুসারীদের অনেকেই সহজে পানি পান করার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মানবিক সংগঠন হাসি এর পক্ষ হতে সর্ব সাধারণের জন্য ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অত্যাধুনিক পানি বিশুদ্ধতাকরণ প্রযুক্তিসহ স্বয়ংক্রিয় ঠান্ডা পানির মেশিন উদ্বোধন করা হয়।
এটি উদ্বোধন করেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন।
এই সময় উপস্থিত ছিলেন হাসি সংগঠনের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, মোঃ মোর্শেদ আলম, মোহাম্মদ আইয়ুব, সাইফ উদ্দিন, মোঃ হিমেল, সাজ্জাদ হোসেন অভি, তোফাজ্জেল হোসেন রোকন, আইনুল হক, সৌরভ সেন প্রমুখ। আজ মিলাদুন্নবীর দিনেও দেখা যায় অটো মেশিনটি থেকে অসংখ্য মানুষ পানি পান করছে। মিনহাজ নামে এক যুবক এসময় বলেন, এই বিশুদ্ধ পানি পান করে এই গরমে অনেকেই তৃষ্ণা মিটিয়েছেন। শোকরিয়া জানাই এটির উদ্যোক্তাদের।
এ বিষয়ে জানতে চাইলে এই পানির মেশিনটি বসানোর পৃষ্ঠপোষক ও প্রধান উদ্যোক্তা সৌদি প্রবাসী মুসলেহ উদ্দিন মুন্না মোবাইল অনলাইন কলে বলেন, পথচারী ও সাধারণ মানুষকে পানি পান করানো অতি সওয়াবের কাজ। এটা সোশ্যাল কমিউনিটি সেবার অনন্য দিক।
বাংলাদেশ তথা চট্টগ্রাম অঞ্চলে মানব সেবামূলক সংগঠন হাসি পথচারী এবং সর্ব সাধারণের তৃষ্ণা নিবারণের জন্য এই নিয়ে তিনটি বিশুদ্ধ ঠান্ডা পানির মেশিন স্থাপন করল। এগুলো দিনে রাতে চব্বিশ ঘণ্টাই খোলা। ইতিপূর্বে দুটি মেশিন চট্টগ্রামের কোতোয়ালীর মোড়ে এবং রাজাখালী বিশ্ব রোড সংলগ্ন এরিয়ায় স্থাপন করা হয়েছিল। আগামীতেও আমাদের সারা চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঠান্ডা পানির মেশিন স্থাপন করার পরিকল্পনা রয়েছে ।























