Home কমিউনিটি চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী(ত্রাণ) প্রদান।

চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী(ত্রাণ) প্রদান।

0

কমিউনিটি সেবা / কোভিড১৯/নিউজ ডেস্ক :

কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম নগরীর হতদরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ১ হাজার প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) প্রদান করা হয়েছে। পাশাপাশি ২০৬ জনকে ১ লাখ ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
১৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও জিমনেশিয়াম হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি। প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল-৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টি সাবান।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল, স্টাফ অফিসার টু ডি সি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী প্রমূখ। স্বেচ্ছাসেবক টিম বেটার ফিউচার বাংলাদেশ, পুর্বাশার আলো, রেড ক্রিসেন্ট, তৃণমুল নাট্যদল, সার্চ, নির্বাণ ক্লাব ও সিপিপি ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি বলেন, করোনাকালীন সময়ে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় জেলা প্রশাসন কর্তৃক নগরী ও জেলার অস্বচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। হতদরিদ্র কোন পরিবার যাতে সরকারী ত্রাণ সহায়তার বাইরে না থাকে সে ব্যাপারে কঠোরভাবে তদারকি করা হবে। এ পরিস্থিতিতে কেউ যাতে অভূক্ত না থাকে সে বিষয়টি প্রাধান্য দেয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী দেশের গরীব-দু:খী মানুষের সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। করোনাকালে কেউ যাতে অনাহারে ও কষ্টে না থাকে তা দেখার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত বুধবার (১৪ এপ্রিল) থেকেই সমাজের অসহায় ও অস্বচ্ছল মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। কিছু দুঃস্থ মানুষের ঘরে ঘরে গিয়েও ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে। শুক্রবার (১৬ এপ্রিল) এম এ আজিজ স্টেডিয়াম ও জিমনেশিয়াম হলে প্রায় ১ হাজার অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।পাশাপাশি ২০৬ জনের মধ্যে ১ লাখ ৩ হাজার টাকা নগদ অর্থ সহায়তা করেছি।আমাদের কাছে ২০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী মজুদ আছে। প্রতিদিনই আমরা গরীব-অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে যাবো। শুধু মহানগরী এলাকা নয়, উপজেলা পর্যায়েও এ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, সাহায্য চেয়ে আমাদের কাছে যারা টেলিফোন করছেন বা এসএমএস দিচ্ছেন তাদেরকেও সাহায্য দেয়া হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সবাই কাজে ফিরে যাবো। লকডাউনে একেবারে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের ধনার্ঢ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য , জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (১৫ মে) রাতে চট্টগ্রাম নগরীর টাইগার পাসস্থ বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩’শ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত তিন দিনে প্রায় ২ হাজার অস্বচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সূত্র : প্রেস রিলিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here